ঈদের উৎসবকে আরও বর্ণময় করতে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ওয়েবসিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
‘বোহেমিয়ান ঘোড়া’ এক অনাথ ট্রাকচালক আব্বাসের কাহিনি, যিনি বাংলাদেশের আটটি শহরে আলাদা আলাদা জীবন গড়ে তোলেন। প্রতিটি শহরে তার একেকজন স্ত্রী রয়েছে, যারা প্রত্যেকেই বিশ্বাস করেন তারাই আব্বাসের একমাত্র জীবনসঙ্গী। এই চমকপ্রদ প্লট ঘিরেই আবর্তিত হয়েছে সিরিজটির গল্প।প্রতিটি স্ত্রীকে চিত্রায়িত করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন ‘রঙ’ বা সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক হিসেবে। ফলে সিরিজটি হয়ে উঠেছে এক বহুমাত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক চিত্র।
সিরিজজুড়ে রয়েছে আব্বাসের ভ্রমণ-উপাখ্যান, যেখানে দর্শক দেখতে পাবেন দেশের উত্তরাঞ্চলের গ্রামীণ পরিবেশ থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের ব্যস্ত শহুরে জীবন। গল্পের ভেতর দিয়ে ফুটে উঠেছে বাংলাদেশের নানামাত্রিক সংস্কৃতি। নির্মাতা অমিতাভ রেজা বলেন, “বোহেমিয়ান ঘোড়া’ শুধু একাধিক বিয়ের হাস্যরসাত্মক গল্প নয়। এটি বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি।”
৭ পর্বের সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার ৮ স্ত্রী হিসেবে দেখা যাবে রুনা খান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, রোবিনা রেজা জুঁই এবং নতুন মুখ আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতিকে। প্রযোজনায় আছেন মাহজাবিন রেজা চৌধুরী ও মো. আসাদ্দুজ্জামান সকাল।